স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ড এতদিন ছিল ক্রিস গেইলের দখলে। ১৩ বছর ধরে অক্ষত থাকা তার ১৭৫ রানের সেই রেকর্ড অবশেষে ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। মাত্র ৭৯ বলে ১৮৮ রানের ইনিংস খেলেছেন তিনি, যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ সিএসএ টি২০ চ্যালেঞ্জে এই কীর্তি গড়েন প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচটিতে মাত্র ১২ রানের জন্য স্বীকৃত টি-টোয়েন্টির প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগ হাতছাড়া হয় তার। নাইটসের বিপক্ষে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংসটি সাজান ১৫টি চার ও ১৩টি ছক্কায়।

এর আগে ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ৬৬ বলের সেই ইনিংসে ১৩টি চার ও ১৭টি ছক্কা মেরেছিলেন ক্যারিবীয় এই কিংবদন্তি। এরপর আরও ৯ জন ব্যাটার গেইলের রেকর্ডের কাছাকাছি পৌঁছালেও কেউ তা ভাঙতে পারেননি। প্রিটোরিয়াসের ইতিহাস গড়া ইনিংসের আগে গেইলকে ছাড়িয়ে যেতে অপেক্ষা করতে হয়েছে ১৩ বছর।

সিএসএ টি২০ চ্যালেঞ্জের ম্যাচটিতে টাইটান্সের ওপেনার প্রিটোরিয়াস মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। পরের ৫০ রান করতে তার লাগে মাত্র ১৬ বল। অর্থাৎ, ৪০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন ২০ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর ৫৮ বলে ১৫০ রান সম্পন্ন করেন তিনি। ৭৯ বলের ইনিংস দিয়ে পুরুষদের টি-টোয়েন্টিতে যৌথভাবে দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ডেও নাম লেখান প্রিটোরিয়াস—এই তালিকায় তার সঙ্গে আছেন মার্কাস স্টয়নিস ও অ্যারন ফিঞ্চ।

প্রিটোরিয়াসের দুর্দান্ত ব্যাটিংয়ে টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে। সিএসএ টি২০ চ্যালেঞ্জের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০২২ সালের আসরে টাইটান্সই ৩ উইকেটে ২৭১ রান করেছিল। সেই ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিস ১৬২ রান করেন, যা প্রিটোরিয়াসের সর্বশেষ ইনিংসের আগে সিএসএ টি২০ চ্যালেঞ্জে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল।