২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তাবিত ১৫টি ভেন্যুর মধ্যে সবচেয়ে আলোচিত নিওম স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে স্বাগতিক সৌদি আরব। ৪৬ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটিকে আসরের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এর নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা প্রায় ৯ দশমিক ১৮ বিলিয়ন দিরহামের সমান। নকশা অনুযায়ী, নিওম প্রকল্পের অংশ দ্য লাইন শহরের ভেতরে মাটি থেকে ৩৫০ মিটারেরও বেশি উচ্চতায় স্টেডিয়ামটি নির্মাণের কথা ছিল। উল্লেখ্য, দ্য লাইন হলো ১৬০ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক ও ভবিষ্যৎমুখী নগর-পরিকল্পনা, যা বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছিল। রয়টার্সের তথ্য অনুযায়ী, দ্য লাইন প্রকল্পের কাজ বিলম্বিত হওয়া এবং এর পরিসর কমিয়ে আনার সিদ্ধান্তের কারণেই স্টেডিয়ামটির পরিকল্পনা এখন স্থগিত করা হয়েছে। দুবাইভিত্তিক নির্মাণ খাত বিষয়ক তথ্য ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মিড প্রজেক্টস-এর তালিকায় স্টেডিয়ামটিকে স্থগিত হিসেবে দেখানো হয়েছে এবং প্রকল্প সমাপ্তির কোনো তারিখ উল্লেখ করা হয়নি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে নিওম প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। নিওমের মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান গত এপ্রিলে জানিয়েছিলেন, দ্য লাইন এখন আর অগ্রাধিকারের তালিকায় নেই এবং ২০৩০ সালের আগে এটি বাস্তবায়ন অপরিহার্য নয়। তবে প্রকল্পগুলো বাতিলের কথা তিনি অস্বীকার করেছিলেন। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ আয়োজনের জন্য সৌদি আরব এই ভেন্যুটি প্রস্তাব করেছিল। মূল প্রস্তাবনায় এর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০৩২ সাল। বিশ্বকাপ আয়োজনের তালিকা থেকে নিওম স্টেডিয়ামকে বাদ দেওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজের বিভিন্ন মাইলফলক অর্জনের ক্ষেত্রে সৌদি আরব এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।