​ফেনী প্রতিনিধি

ফেনীর লালপোলে অটোরিকশা ছিনতাইকালে ৩ জন পেশাদার ছিনতাইকারীকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখান থেকে এক ছিনতাইকারী পালানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, লালপোল এলাকা থেকে ৩ জনের একটি ছিনতাইকারী দল একটি অটোরিকশা ছিনতাই করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। পরে ফেনী মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে এসআই শাহাদাতের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজ জিম্মায় নেয়।

​পরবর্তীতে শারীরিক নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসার জন্য পুলিশ ধৃত ছিনতাইকারীদের ফেনী সদর হাসপাতালে (ফেনী জেনারেল হাসপাতাল) নিয়ে আসে। এসময় সুযোগ বুঝে আটককৃতদের একজন হাসপাতাল ভবন থেকে কৌশলে পালানোর চেষ্টা করে। তবে সেখানে উপস্থিত জনতা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় হাসপাতালের সীমানা প্রাচীরের (বাউন্ডারি) ভেতরেই তাকে পুনরায় ধরে ফেলা সম্ভব হয়।

​ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, আটককৃতরা পেশাদার ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের এমন সচেতনতা ও পুলিশকে সহায়তার ভূমিকার প্রশংসা করেছেন সচেতন মহল।