সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।

দুদকের আবেদনে জানানো হয়, সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও দুর্নীতি দমন কমিশনে নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী দাখিল করেননি। এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারার অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া, তিনি তার জ্ঞাত আয়ের অতিরিক্ত ৮৪ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ অর্জন করে তা নিজের ভোগদখলে রেখেছেন, যা ওই আইনের ২৭(১) ধারার পরিপন্থী। এই অপরাধের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত চলাকালীন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইমা ক্লেয়ার বার্টন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। দুদকের আশঙ্কা, তিনি বিদেশে পালিয়ে গেলে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করা কঠিন হবে এবং সামগ্রিক তদন্ত প্রক্রিয়ায় বড় ধরনের বিঘ্ন ও ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আদালতের কাছে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়।