মোহাম্মদ সেলিম

বান্দরবানের থানচি উপজেলায় আলীকদম-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী একটি জিপ বা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে জিয়াবুল হক ও জসিম উদ্দিন নামের দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন।

​সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে থানচি উপজেলার আলীকদম-তিন্দু সংযোগ সড়কের ‘আগোয়া পাড়া’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত দুই পর্যটক হলেন—কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়নগরপাড়ার শামসুল আলমের পুত্র জিয়াবুল হক এবং মোজাহের আহমদের পুত্র জসিম উদ্দিন।

​আহতরা হলেন—একই এলাকার মতিউর রহমানের পুত্র শীষ মোহাম্মদ রাশেল, মৃত বশির আহমদের পুত্র মোহা. আলী লিটন, কামাল উদ্দিনের পুত্র লিটন এবং আনোয়ার হোসেনের পুত্র প্রবাসী কাদের হোসেন।

​স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে আসা পর্যটকদের একটি দল আলীকদম হয়ে গাড়িযোগে তিন্দুর দিকে রওনা হয়। পথিমধ্যে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি পাশের একটি গভীর খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয় এবং গাড়িতে থাকা অন্য ৫ জন যাত্রী গুরুতর আহত হন।

​দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত জানান, “তিন্দু সড়কে একটি পর্যটকবাহী গাড়ি উল্টে খাদে পড়ে দুই পর্যটক নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”