মোঃ আরিফুল ইসলাম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, খিলগাঁও, ঢাকার অডিটরিয়ামে ০৭ অক্টোবর, বুধবার এক আবেগঘন পরিবেশে উপমহাপরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ রফিকুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয় বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন। পাশাপাশি তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১৮তম বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে ১৯৯৯ সালে বাহিনীতে যোগদান করা এই কর্মকর্তার দীর্ঘ কর্মজীবন ছিল অত্যন্ত গৌরবময়। তিনি বিভিন্ন জেলা, ব্যাটালিয়নসহ সিলেট, ঢাকা ও রংপুর রেঞ্জ এবং ঢাকা মহানগর আনসার(ডিএমএ) পরিচালনায় মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি তিনি মহাপরিচালকের পিএস এবং আইসিটি দপ্তরের সিস্টেম অ্যানালিস্ট হিসেবে বাহিনীকে আধুনিকায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

প্রশিক্ষণ শাখার উপমহাপরিচালক হিসেবে তিনি যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা ও বাস্তবায়নসহ ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি ও সঞ্জীবন প্রকল্পের কর্মকৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর বাস্তবমুখী চিন্তায় বাহিনীর লাখো সদস্য দক্ষ ও স্বাবলম্বী মানবসম্পদে রূপান্তরিত হচ্ছে। সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি 'জাতীয় শুদ্ধাচার কৌশল (NIS) পুরস্কার' এবং 'রাষ্ট্রপতি ভিডিপি পদক(সেবা)', 'বাংলাদেশ ভিডিপি পদক, 'বাংলাদেশ ভিডিপি পদক(সেবা)' রাষ্ট্রীয় পদকে ভূষিত হন।

পেশাগত পরিচয়ের বাইরে জনাব মোঃ রফিকুল ইসলাম একজন খাঁটি প্রকৃতিপ্রেমী ও গভীর জীবনবোধ সম্পন্ন মানুষ। সাহিত্য ও গবেষণার প্রতি তাঁর অনুরাগ এবং কবিতা, গল্প ও প্রবন্ধ রচনার মাধ্যমে তিনি নিজস্ব এক সৃজনশীল জগৎ সৃষ্টি করেছেন, যা অনুকরণীয়। আনুষ্ঠানিক বিদায় নিলেও বাহিনীর উন্নয়ন ও প্রশিক্ষণ পরিকল্পনায় তাঁর অসামান্য অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী উপমহাপরিচালক (প্রশিক্ষণ) এর কর্মজীবনের স্মৃতিচারণ ও অবদানের কথা উল্লেখ করে তাঁর সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সুখী অবসর জীবনের শুভকামনা জানিয়েছেন। বিদায়ের এই ক্ষণে আবেগাপ্লুত হয়ে তিনি সবার কাছে দোয়া চান। বিদায় নিলেও বাহিনীর লাখো সদস্য-সদস্যার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।