রাজধানীর লালবাগ এলাকায় আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ২টা ১৫ মিনিটে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন আমিনুল ইসলাম শাওন। এই সন্দেহজনক কর্মকাণ্ড বাসের স্টাফ এবং স্থানীয় পথচারীদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঠিক সেই সময়েই ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী আরও জানান, আটকের পরপরই উত্তেজিত জনতা আমিনুল ইসলাম শাওনকে মারধর করে, যার ফলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।