সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে তাকে কানাডার পুলিশের পোশাকে দেখা গেছে। এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, প্রবাসে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি তাহলে কি কানাডিয়ান পুলিশে যোগ দিলেন জায়েদ খান।

সামাজিক মাধ্যমে এমন নানা প্রশ্ন ও জল্পনার পর বিষয়টি খোলাসা করেছেন এই নায়ক নিজেই। তিনি জানিয়েছেন, ছবিতে তাকে কানাডিয়ান পুলিশের পোশাকে দেখা গেলেও বাস্তবে তিনি পুলিশের চাকরিতে যোগ দেননি। সিনেমার মানুষ সিনেমা নিয়েই আছেন এবং ভবিষ্যতেও সিনেমা নিয়েই কাজ করতে চান।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, স্বাভাবিকভাবে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলাম আমি। সেখানে কানাডিয়ান পুলিশের একটি জ্যাকেট পরা ছিলাম। শুরুতে ভাবিনি, ছবিটি নিয়ে আমার শুভাকাঙ্ক্ষীরা এভাবে ভাববেন। আসলে আমি এখানে কোনো পুলিশের চাকরিতে যোগ দেইনি। ছবিটি আমাদের ভায়োলেনস সিনেমায় আমার চরিত্রের একটি অংশ।

তিনি আরও জানান, কানাডায় নির্মাণাধীন বাংলা সিনেমা ভায়োলেনস-এ একজন কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই চরিত্রের শুটিংয়ের ফাঁকে তোলা ছবিটিই পরে ফেসবুকে পোস্ট করলে তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত আগস্টের শেষ দিকে জানা যায়, আন্তর্জাতিক অঙ্গনে ঢাকাই শিল্পীদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ভায়োলেনস। ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরীর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।

এই সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করছেন ঢালিউড চিত্রনায়িকা শিরিন শিলা ও অধরা খান। কানাডার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলছে বলে জানা গেছে।