হাফিজুর রহমান খান

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ মা-মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নয়াপাড়া খুটাখালী এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের সামনে মারছা পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুরাপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দা খালেদা বেগম (৩৫) এবং হুমাইরা আক্তার (১৮ বছর ২ মাস)। তারা বর্তমানে কক্সবাজার পৌরসভার বার্মিজ মার্কেট এলাকার সিকদার মহল নামের একটি ভবনের পঞ্চম তলায় বসবাস করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে চকরিয়া উপজেলার নয়াপাড়া খুটাখালী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংবাদদাতার দেওয়া তথ্য ও বর্ণনা অনুযায়ী মারছা পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর—চট্টমেট্রো-ব-১১-১৫১৬) ঘটনাস্থলে পৌঁছালে ডিএনসির সদস্যরা বাসটিতে ওঠেন।

পরে বাসের বি-১ ও বি-২ নম্বর সিটে বসা দুই যাত্রী খালেদা বেগম ও হুমাইরা আক্তারকে আটক করা হয়।

ডিএনসির দাবি, পরে সাক্ষীদের উপস্থিতিতে খালেদা বেগমের সঙ্গে থাকা নেভি ব্লু রঙের ‘Winner’ ব্র্যান্ডের একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় রেক্সিনের ওপর স্কচটেপ দিয়ে মোড়ানো স্বচ্ছ পলিপ্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৭৩০ গ্রাম বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি নেভি ব্লু রঙের ‘Winner’ ট্রাভেল ব্যাগ এবং বাসের বি-১ ও বি-২ নম্বর সিটের যাত্রী টিকিটও জব্দ করা হয়।

অভিযানটি সকাল ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, উদ্ধার করা ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় চকরিয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।