হাফিজুর রহমান খান
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), কক্সবাজার জেলা কার্যালয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাশে পানির ট্যাংকির সামনে মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়া এলাকার সাদ্দামের বাড়ির বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৪) এবং একই এলাকার মনোয়ারার বাড়ির বাসিন্দা মৃত ফয়েজ আহম্মদের ছেলে মজিবুর রহমান প্রকাশ মুন্না (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে ডিএনসির একটি দল। পরে সোর্সের দেওয়া তথ্য ও বর্ণনা অনুযায়ী সাদ্দাম হোসেন ও মজিবুর রহমানকে আটক করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অভিযানে সাদ্দাম হোসেনের ডান হাতে থাকা নেভি-ব্লু রঙের ‘Avon’ কোটের ভেতরে স্বচ্ছ পলিথিনে লুকানো অবস্থায় ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে রাবার দিয়ে মোড়ানো তিনটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে ২০০ পিস করে মোট ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে মজিবুর রহমানের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সব মিলিয়ে তাদের কাছ থেকে ৯৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।





















