হাফিজুর রহমান খান

কক্সবাজার শহরের লাইট হাউজপাড়া থেকে ৬৭ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজপাড়ার ৫ নম্বর গলিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার নারী হলেন লিপি আকতার ওরফে লিপি মনি (৩৩)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী পশ্চিমপাড়ার মোস্তাফিজুর রহমান ও মোমেনা খাতুনের মেয়ে এবং মো. ইউসুফের স্ত্রী। বর্তমানে তিনি লাইট হাউজপাড়ার ৫ নম্বর গলির কুমিল্লা রিসোর্টের দ্বিতীয় তলার ২০৪ নম্বর কক্ষে বসবাস করছিলেন বলে ডিএনসি জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাইট হাউজপাড়ার ৫ নম্বর গলিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরফা স্টোর নামের দোকানের পশ্চিম পাশে রাস্তার ওপর থেকে লিপি আকতারকে আটক করা হয়।

পরে তার হাতে থাকা একটি পলিথিনের ব্যাগ তল্লাশি করে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ৬৭ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬ গ্রাম বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় গ্রেপ্তার লিপি আকতার ওরফে লিপি মনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১০(ক) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মামলায় বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক অজয় কুমার সাহা।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।