প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে নিজের বাড়ির সামনে তিনি ধর্না কর্মসূচি পালন করছিলেন। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ সময় আরও বেশ কয়েকজন সাংসদকে আটক করা হয়েছে। আটক সাংসদদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী বর্তমানে দিল্লিতে কোনো রকম ধর্না, অবস্থান কর্মসূচি কিংবা পাঁচজনের বেশি মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হবে না। এই অবস্থায় মমতাকে ধর্না প্রত্যাহারের কথা বলা হলেও তিনি তাতে রাজি হননি। এরপরেই দিল্লি পুলিশের ফোর্স এসে তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

এদিন পরপর দুজন সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করে দিল্লি পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস