রাষ্ট্র ও জনগণের কল্যাণে আসে, এমন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার বলেন, সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতার মধ্যেও জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। যেসব প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্র ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে, সেসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে।
সভায় দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সরকারের বিদ্যমান সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর ঘোষিত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন স্থানে সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন বিভাগীয় কমিশনার।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে প্রয়োজন ও সম্ভাব্যতা যাচাই করে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতে পারে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উখিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, জনসেবা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়। সরকারি সেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ এবং উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জনসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
















