নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বাবা আব্দুল জলিল ইন্তেকাল করেছেন। সোমবার (৫ অক্টোবর) তার মৃত্যুর খবর জানা গেছে। জাকির হোসাইন নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুর ১২টা ২২ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা আর নেই... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তবে আব্দুল জলিলের মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এসএম জাকির হোসাইন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সোহাগ সভাপতি এবং এসএম জাকির হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জাকির হোসাইনের গ্রামের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে এমফিল গবেষণার সঙ্গে যুক্ত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জানা গেছে, আব্দুল জলিলের পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে এসএম জাকির হোসাইন অষ্টম সন্তান।