মোঃ মিঠু মিয়া
গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য— ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা।
দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার সুমাইয়া জান্নাতের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডি. এম. হাসিবুল বেনজীর, অধ্যাপক মাজহারুল মান্নান, জেলা সনাকের সভাপতি আফরুজা লুপু। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। জনস্বার্থে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম বড় বাধা দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বক্তারা আরও বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে এখনও সমাজের একটি বড় অংশের মানুষের পর্যাপ্ত ধারণা নেই। বিশেষ করে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন।
এ সময় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
















