ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃইউনিউন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফাইভস্টার ক্লাব আয়োজিত এ খেলায় ১ নম্বর ওয়ার্ড ফার্স্ট ট্রাক দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিংস অব দরগাবাড়ি।
ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু।
আবদুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী-শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আককাস সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করে।”
মাসব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল ঘিরে দর্শক ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়; মাঠের চারপাশ ও আশপাশের ভবনের ছাদে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
মো. আমিনুল ইসলাম





















