গাজীপুর মহানগরের গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের মহানগর প্রতিনিধি মোহাম্মদ শরীফ ওমর টুটুলের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) হেডকোয়ার্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজকের আওয়াজ-এর গাজীপুর প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল।

বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা শুধু ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে কোনো সাংবাদিক হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, গত ১৩ আগস্ট গাজীপুরের একটি গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের আধিপত্য বিস্তার ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক টুটুলের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় টুটুলের পক্ষ থেকে গাছা মেট্রোপলিটন থানায় মামলা করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। তবে ঘটনার পাঁচ-ছয় দিন পেরিয়ে গেলেও মামলার অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

বক্তারা অভিযোগ করেন, হামলার সঙ্গে জড়িতদের মধ্যে পিতা-পুত্র রয়েছেন। তাদের একজনের বিরুদ্ধে অতীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় অভিযুক্তরা বিভিন্ন মিল-কারখানায় প্রভাব বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন বক্তারা। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসঙ্গতি তুলে ধরা। এ কাজ করতে গিয়ে কোনো সাংবাদিক আক্রান্ত হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। সাংবাদিক টুটুলের ওপর হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য দেন গাছা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারী, গাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আরিফ মৃধা, গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সভাপতি মো. সামসুদ্দিন জুয়েল, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ ভূইয়া, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. পারভেজ মিয়া, গাজীপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আক্তারুজ্জামান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গাজীপুর মহানগরের সদস্য সচিব হাসান মিয়া, গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মো. আক্তার হোসেন, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক এবং বাংলাদেশ মহিলা প্রেসক্লাবের সভাপতি নাসিমা আক্তার রেনুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিক টুটুলের ওপর হামলার বিষয়টি তুলে ধরেন। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি দেন। পুলিশ কমিশনার বিষয়টি গুরুত্বসহকারে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে সাংবাদিক নেতারা জানান।

এ সময় গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।