পিরোজপুর প্রতিনিধি

অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ইউনিয়নের ৬টি পূজা মণ্ডপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়নের উত্তর পোরগোলা নিকারী হাট শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পিরোজপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজিদুল ইসলাম সূর্য।

পরিদর্শনকালে এম এ নকিব নাছরুল্লাহ্ বলেন, "সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে পূর্ণ আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে কোনো বিঘ্ন ছাড়াই উৎসব পালন করতে পারেন, সেজন্য আমরা সার্বক্ষণিক মাঠে থেকে ছোটখাটো বিষয়গুলো তদারকি করছি এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করছি।"

তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা নিবিড় পর্যবেক্ষণ ও সহযোগিতামূলক ভূমিকা পালন করছেন।

মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে পিরোজপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সকল প্রশাসনিক কর্মকর্তা যেকোনো ধরণের গুজব প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ও সোচ্চার ভূমিকা পালন করছেন। এছাড়া দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালনের জন্য কদমতলা ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন ও তাঁর টিমের প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরা হয়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে যারা রাত জেগে ও কষ্ট করে উৎসবকে সুষ্ঠু রাখতে ভূমিকা রাখছেন, তাঁদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা প্রত্যাশা প্রকাশ করেন—কদমতলার সম্প্রীতির এই চিরন্তন ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।