কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিসে হামলার ঘটনায় বিকাশ নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাগুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, সালমান মুক্তাদিরের অফিসে হামলার ঘটনার তদন্ত করতে গিয়ে বিকাশের নাম উঠে আসে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়।

এরপর রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে মাগুরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিসি আরও জানান, এই হামলার ঘটনায় কারা জড়িত এবং তাদের কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবেই বিকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।