খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মালবাহী একটি চাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে চালক প্রাণ হারিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা যাওয়ার পথে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম চন্দন দত্ত। তিনি খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক, বসুন্ধরা এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খাগড়াছড়ি জেলা শহর থেকে মালামাল বোঝাই করে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার দিকে যাচ্ছিল চাঁদের গাড়িটি। পথে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের পাশের একটি গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চন্দন দত্তের মৃত্যু হয়।
নিহত চন্দনের চাচা বাবুল দত্ত জানান, চন্দন দীর্ঘ ২০ বছর যাবৎ আবুল খায়ের কোম্পানির ডিলার (এসএস ট্রেডার্স) স্বত্বাধিকারী শিপ সংকরের গাড়ি চালাতেন। সকালে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তার মৃত্যু হয়। মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আশরাফুল মুন্না এশিয়া পোস্টকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নামে অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
















