আলমগীর কবীর হৃদয়
ভারতের কলকাতায় অনুষ্ঠিত জাতীয় সাহিত্য উৎসবে ‘ড. এপিজে আব্দুল কালাম স্মৃতি সম্মাননা পদক’ অর্জন করায় পাবনার দুই বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক সংগঠক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান এবং কবি ও প্রকৌশলী আলমগীরুল ইসলাম নিউটনকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনা।
পদকপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাসানুজ্জামান জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনার কার্যনির্বাহী সদস্য এবং কবি ও প্রকৌশলী আলমগীরুল ইসলাম নিউটন সংগঠনটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁদের এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এবং সাধারণ সম্পাদক মো. সুমন আলী। তাঁরা আশা প্রকাশ করেন, এ সম্মাননা পাবনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য গৌরব বয়ে আনবে এবং দুই গুণী ব্যক্তির সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও অনুপ্রাণিত করবে।
এদিকে, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন উত্তরণ পাবনার পক্ষ থেকেও তাঁদের অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কবি এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী রাফিদ আহমেদ, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহসাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুনসহ অন্যান্য সম্পাদক তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, কবি ও সংগঠক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ঈশ্বরদীর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘নোঙর’-এর প্রতিষ্ঠাতা সভাপতি। অন্যদিকে, কবি ও প্রকৌশলী আলমগীরুল ইসলাম নিউটন সংগঠনটির মুখ্য সমন্বয়কারী। গত ৯ অক্টোবর চার দিনের সাহিত্য সফরে তাঁরা ভারতে যান এবং ১৩ অক্টোবর দেশে ফেরেন। কলকাতায় অনুষ্ঠিত জাতীয় সাহিত্য উৎসবে তাঁদের এ সম্মাননা অর্জন পাবনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।
















