ধর্মঘটের মাধ্যমে এলপিজির মূল্য বাড়ানোর চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, কথায় কথায় ধর্মঘট ডেকে জিনিসপত্রের দাম বাড়ানো হবে, এটা গ্রহণ করা হবে না।

প্রয়োজনে পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা এবং কমিশন বাড়ানোসহ কয়েকটি দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, ভোক্তা পর্যায়ে যাতে সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

এটি নির্বাচিত সরকার, জনগণ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখব। বিশ্ব জ্বালানি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এরকম অবস্থার মধ্যে কেউ ধর্মঘট করার চেষ্টা করলে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে।