মাদারীপুরে জেলা প্রতিনিধি
মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার পরে, ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু করেছে।
এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত মুক্তমঞ্চে ওইদিন বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত ছিলেন।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটানো হতে পারে। তবে তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মাসুদ রেজা ফিরোজী
















