ফুটবল মাঠে একের পর এক অবিশ্বাস্য সাফল্যের পর এবার একাডেমিক জগতেও অনন্য উচ্চতায় পৌঁছাতে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের বর্ণাঢ্য ক্যারিয়ার এবং বিশ্ব ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান হিসেবে এই ডিগ্রি প্রদান করা হচ্ছে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই মহাতারকাকে সম্মান জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ আয়োজন করেছে।
আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করবেন মেসি। এই স্বীকৃতিটি তার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগঘন মুহূর্তে পরিণত হতে যাচ্ছে। কারণ, আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে নিজের বিদায়ী ম্যাচে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগেই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই বিশেষ সম্মাননাটি গ্রহণ করবেন তিনি। মাঠের লড়াইয়ের ঠিক আগেই এই সম্মাননা তার জীবনের এক নতুন অধ্যায় যোগ করবে।
উল্লেখ্য, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালে। কাতারের মাটিতে মেসির অনবদ্য নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এর আগে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ শিরোপা জয়ও করেছেন তিনি। ক্লাব ফুটবলেও দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কারের মুন্সিয়ানা দেখিয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর। ফুটবলীয় অবদানের পাশাপাশি মেসির বৈশ্বিক জনপ্রিয়তা ও ক্রীড়া জগতের দীর্ঘদিনের প্রভাবের স্বীকৃতি হিসেবেই বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে খুব শীঘ্রই তার নামের সাথে যুক্ত হতে যাচ্ছে ‘ডক্টর’ উপাধি।





















