জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে তীব্র আক্রমণ করে ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নিজের ওই পোস্টে রাশেদ খাঁন সম্প্রতি হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বিএনপি-বিরোধী একটি মিছিলের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, হাসনাত আব্দুল্লাহর একপাশে ‘চাঁদাবাজ’ হিসেবে পরিচিত শাহরিয়ার এবং অন্যপাশে ‘চাঁদাবাজ’ ইসহাকসহ মাত্র ২০-২৫ জনের একটি ছোট দল নিয়ে বিএনপির বিরুদ্ধে মিছিল করা হয়েছে। এছাড়া মিছিলে সামনের সারিতে সমন্বয়ক নামধারী আরও বেশ কয়েকজন ‘পরীক্ষিত চাঁদাবাজের’ উপস্থিতির কথা উল্লেখ করেন তিনি।
মিছিলের আয়োজনের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী মন্তব্য করেন, ওই মিছিলটি কাভার করতে আসা সাংবাদিকদের সংখ্যা এনসিপি নেতাকর্মীদের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর কথা উল্লেখ করে তিনি বিদ্রূপের সুরে লেখেন, ‘এই মিছিলে আবার ঢাকা দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী মানসিক ভারসাম্যহীন ছাগল চোর নাসিরও ছিল! এই ছাগল চোর নাসিরের নাকি বিশাল জনসমর্থন!’
তিনি আরও দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ডাকে সাধারণ মানুষ তো দূরে থাক, জামায়াত-শিবিরের কর্মীরাও এখন আর মাঠে আসে না। কারণ জামায়াত বুঝতে পেরেছে যে এই দলটি মূলত সুবিধাবাদী ও ধান্ধাবাজের সমষ্টি। রাশেদ খাঁন সতর্ক করে বলেন, খুব শীঘ্রই এরা জামায়াতকে টেক্কা দিয়ে প্রধান বিরোধীদল হওয়ার চেষ্টা করবে এবং জামায়াত-শিবিরের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করবে।
পোস্টের শেষ অংশে তীব্র বিদ্রূপ করে তিনি লেখেন, ‘ইনকিলাব, ইনকিলাব ছাগল চোর জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, ডানপাশে বামপাশে, সমন্বয়ক নামধারী চাঁদাবাজ চাঁদাবাজ!’
















