জ্বালানি তেলের দাম আর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, বরং সুযোগ পেলেই তা কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সুধীজনের সঙ্গে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তেলের পাচার রোধে এবং বিকল্প কোনো পথ না থাকায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতেছে।

তিনি আরও স্পষ্ট করেন যে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তেলের মূল্যের ব্যবধান বেশি থাকলে পাচার ঠেকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে তেলের দাম বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট কাটিয়ে জ্বালানি তেলের বাজার পুনরায় স্থিতিশীল হলে মূল্য সমন্বয় করা হবে। সুযোগ বুঝে তেলের দাম পূর্বের তুলনায় কমিয়ে আনার বিষয়টিও সরকার বিবেচনায় রেখেছে বলে তিনি আশ্বস্ত করেন।