আলমগীর কবীর হৃদয়
পাবনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল লীগের ফাইনাল খেলা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার দোগাছী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
দোগাছী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু খান মোস্তফা বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। খেলাটির উদ্বোধন করেন রুহুল আমিন বিশ্বাস রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি লোকমান হোসেন।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড়রা জয়ের লক্ষ্যে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। পুরো ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “পাবনা দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জেলা শহর। এ কারণে এ জনপদের মানুষের নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে ভালো রাস্তাঘাটের অভাব রয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী ছয় মাসের মধ্যে পাবনার সড়ক যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন।”
তিনি আরও বলেন, “পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু করা পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি। খুব শিগগিরই এ দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পাবনার ঈশ্বরদী বিমানবন্দর দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।”
শিমুল বিশ্বাস বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-টাইপ সেতু নির্মাণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এটি বাস্তবায়িত হলে পাবনার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পদ্মা ব্যারাজ নির্মাণ হলে এ অঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”
ক্রীড়াঙ্গন নিয়ে তিনি বলেন, “আজকের খেলায় যেসব খেলোয়াড় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছে, তারাই আগামী দিনের বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















