আলমগীর কবীর হৃদয়
পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ রুবেল পারভেজ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃত রুবেল পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে পূর্বের ৭টি মামলা রয়েছে।
রোববার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী উপজেলার ৬ নম্বর সাহাপুর ইউনিয়নের দীঘা পূর্বপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার সাধারণ ডায়েরি (জিডি) নং-১১৩, তারিখ ১১/১০/২০২৬ খ্রিস্টাব্দের সূত্রে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দীঘা পূর্বপাড়ার একটি লিচুবাগানের দক্ষিণ-পূর্ব কোণের একটি লিচুগাছের নিচে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ রুবেল পারভেজকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির কোচর থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল পারভেজের পরিচয়:
মোহাম্মদ রুবেল পারভেজ (৪২), পিতা—মৃত সাইদুর রহমান, মাতা—মৃত সুফিয়া বেগম, সাং—দীঘা পূর্বপাড়া, থানা—ঈশ্বরদী, জেলা—পাবনা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট পাবনার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ছাড়া পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল পারভেজের বিরুদ্ধে ঈশ্বরদী ও ভেড়ামারাসহ বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে পূর্বের মোট ৭টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
















