আলমগীর কবীর হৃদয়

পাবনার ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও উপজেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোঃ সবুজ হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাবা ও কথিত মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু (৫৭) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। একই সঙ্গে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে আরও পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর পৌরসভার থানাপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা ‘খ’ সার্কেল (ঈশ্বরদী)-এর উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় থানাপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু (৫৭) ও তার ছেলে মোঃ সবুজ হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতরে পলিথিন ও কস্টেপ দিয়ে মোড়ানো প্যাকেট থেকে ৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সবুজ হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তার বাবা মোঃ মিন্টু পালিয়ে যাওয়ায় তাকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মোঃ সবুজ হোসেন ও পলাতক মোঃ মিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, ফরিদপুর উপজেলার থানাপাড়া ও নেছরাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মোঃ পলক (২০) নামে আরও একজনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া পাবনা সদর উপজেলার দ্বীপচর ও লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে পৃথক অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মোঃ দিদারুল ইসলাম এবং ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে আরও চারজন মাদকসেবীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ হৃদয় ওরফে সাকিব (২৫), পিতা মোঃ ইছহাক, সাং দ্বীপচর, থানা ও জেলা পাবনা; মোঃ নয়ন হোসেন (২৯), পিতা মৃত আব্দুল লতিফ, সাং দক্ষিণ রামচন্দ্রপুর, থানা ও জেলা পাবনা; মোঃ কিরণ (৪৫), পিতা মৃত হারুনর রশিদ, সাং দিলালপুর, থানা ও জেলা পাবনা এবং সোবাহান (৪০), পিতা মোঃ ইসলাম, সাং সাধুপাড়া, থানা ও জেলা পাবনা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ ও উপপরিদর্শক মোঃ জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, সেপ্টেম্বর ২০২৬ মাসে এ পর্যন্ত মোট ৭৬ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।