আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমি মনে করি ভারত গ্যারান্টি ক্লজ দিয়ে ফারাক্কা চুক্তি নবায়ন করবে এবং ভারতের সঙ্গে সংযুক্ত ৫৪টি নদীর পানি হিস্যা অনুযায়ী বণ্টন করে প্রমাণ করবে তারা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র।

রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে বিতর্ক হয়েছিল। এজন্য গ্যারান্টি ক্লজ দিয়ে চুক্তি নবায়ন করলে বিতর্কের অবসান হবে এবং প্রমাণ হবে তারা আসলেই আমাদের বন্ধু। পরিদর্শনকালে পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে মীরগড়ের কাঠের সেতু এলাকায় ২০৩ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের প্রকল্প একনেকে পাস হওয়ায় এলাকাবাসী প্রতিমন্ত্রীকে মিষ্টি খাওয়ান।

পরে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম-দুর্নীতি সম্বলিত লিফলেট ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন। জানা যায়, গত বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। সেতুটি নির্মাণ হলে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।