​পিরোজপুর প্রতিনিধি

​পিরোজপুরে ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় জনস্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকারের বিশেষ দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী জেলা জুড়ে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ সারাদিন জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং কদমতলা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে কদমতলায় দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

​আজ সকাল থেকে কদমতলার মোল্লাবাড়ী জামে মসজিদ, নতুনহাটসহ বিভিন্ন এলাকার ডেঙ্গু ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া নূরানী গেট ও সরকারি আবাসন এলাকায় কদমতলা ইউনিয়ন পরিষদ ও কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও 'সচিত্র বাংলাদেশ' বই বিতরণ করা হয়। বর্তমান সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগকে সফল করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সারাদিনব্যাপী চলা এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ করেন কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস বাওয়ালি, কদমতলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক এমদাদ খান এবং বিএনপি নেতা সেরাজুল ইসলাম খান।

​এছাড়া কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্ ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাজিদুল ইসলাম।

​প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করেন ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন সরদার ও ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আসাদুল শেখ। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড ডেঙ্গু প্রতিরোধ কমিটির সকল নেতৃবৃন্দও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।