ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে পিরোজপুর জেলা সদর হাসপাতাল, পৌর এলাকা এবং সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কসমূহে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ দিনব্যাপী এই কার্যক্রমে সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
অভিযানের শুরুতে জেলা প্রশাসক পিরোজপুর জেলা সদর হাসপাতালের চারপাশের বিভিন্ন ড্রেন ও নালা পরিষ্কার কার্যক্রম তদারকি করেন। একই সঙ্গে হাসপাতালের কোয়ার্টার, মূল ভবন এবং আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরে তিনি সদর হাসপাতাল থেকে সিও অফিস মোড় পর্যন্ত সড়কের উভয় পাশ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এদিকে জেলা সদর হাসপাতালের পাশাপাশি পিরোজপুর পৌরসভা এলাকাতেও একযোগে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়। পৌরসভার বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা অপসারণ এবং ড্রেন-নালা পরিষ্কারের মাধ্যমে পরিবেশের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার কাজ চলছে।
পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন, পৌরসভার প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাদের সক্রিয় অংশগ্রহণে হাসপাতাল ও পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল হয়।
ডেঙ্গু প্রাদুর্ভাব রোধ এবং একটি স্বাস্থ্যকর, সুন্দর ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
















