পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর শহরের পুরাতন কাপুড়িয়াপট্টি, কালীবাড়ি সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তার চেক ও অর্থ তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই এলাকায় একটি আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ৬টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই আকস্মিক দুর্ঘটনায় ৫ জন দোকান মালিক ও ৪ জন ভাড়াটিয়া ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ী।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের এই দুঃসময়ে তাদের পুনর্বাসন ও সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক জানান, আকস্মিক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।