চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং পারস্পরিক বিনিয়োগ বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার ১০ অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, জাপান সফরে আমাদের প্রধান অগ্রাধিকার থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং বিনিয়োগ বৃদ্ধি করা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে চলমান কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় জাপান সফরেও বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারত্বের বিভিন্ন খাতকে বিশেষ গুরুত্ব দেবে। বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে চায়।
জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের পরীক্ষিত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ইতিমধ্যে কয়েকটি মেগা প্রকল্পে জাপানের বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা মোকাবিলায় জাপানের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনে তিনি এ অঞ্চলের দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এই সম্পৃক্ততা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি জাপান সরকারের আস্থা আরও বাড়াতে সহায়তা করেছে বলে তিনি মন্তব্য করেন।
হুমায়ুন কবির আরও জানান, আসন্ন সফরে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। শিগগিরই সুবিধাজনক সময়ে তিনি সৌদি আরব সফর করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব দ্বিপক্ষীয় ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। তথ্যসূত্র: বাসস
















