বগুড়া শহরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক শিক্ষক। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে গাছের ডাল দিয়ে পিটিয়ে তাঁকে রক্তাক্ত করা হয়। আহত রায়হান ইসলাম বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক।
ন্যদিকে অভিযুক্ত রিয়াদ ইসলাম কিরন একই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার রজাকপুর গ্রামের বিপুল মিয়ার ছেলে। জানা গেছে, বিদ্যালয়ে শাসন করার জের ধরে পরিকল্পিতভাবে শিক্ষকের ওপর হামলা চালায় ওই শিক্ষার্থী। এতে শিক্ষকের থুতনি কেটে যায় এবং সেখানে আটটি সেলাই দিতে হয়েছে। ঘাড়েও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার দিকে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয়।
এ বিষয়ে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার স্কুল ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে ওত পেতে ছিল কিরন। শিক্ষক সেখানে পৌঁছালে তাঁকে থামতে বলে সে। মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই কিছু বুঝে ওঠার আগে মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। অধ্যক্ষ আরও জানান, আহত শিক্ষক বর্তমানে চিকিৎসকের পরামর্শে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন। ঘটনার পর মঙ্গলবার সকালে কিরনকে স্কুল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।





















