সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাকারিয়া শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জাকারিয়া ওই মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় এক ক্রেতার সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি শুরু হয়। উত্তেজনা বেড়ে গেলে তিনি দুপক্ষকে শান্ত করতে এগিয়ে যান। তখন ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।