সৌদি আরবের বিমানবন্দরে হামলার জেরে দেশটির বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপ করায় ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এ পর্যন্ত ৪৪টি সরাসরি ও ৬৩টি ট্রানজিটসহ মোট ১০৭টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি ও ইজিপ্ট এয়ারের ১টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ায় মোট ১৬ হাজার ৬২০ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।
এতে প্রবাসী কর্মী ও ওমরাহ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইনসগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।


















