শেহজাদ আকবর সোবহানের আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে মাহিন, সুমন আহমেদ ও অন্তুর ঝোড়ো ইনিংসে ভর করে উইকেন্ড স্পোর্টস ফ্যামিলির সামনে ১৯৯ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি। বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে শুরু থেকেই দাপট দেখান বসুন্ধরার ব্যাটাররা। বসুন্ধরার ইনিংসের মূল আকর্ষণ ছিলেন শেহজাদ। তিনি ক্রিজে নামতেই পুরো গ্যালারিতে উল্লাস ছড়িয়ে পড়ে। বসুন্ধরা ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। ঢাক-ঢোলের ছন্দে চার-ছক্কার ঝড়ে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। ওপেনিংয়ে নেমে খালেদ আহমেদ দ্রুত বিদায় নিলেও আরেক ওপেনার মাহিন দারুণ সূচনা এনে দেন। তিনি ২৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫০ রানের চমৎকার ইনিংস খেলেন। এরপর সুমন আহমেদ মাত্র ২৭ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন শেহজাদ। তিনি ২৬ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৯ রান করে দলীয় রানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ দিকে অন্তু ১৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ রানে অপরাজিত থেকে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। তবে অন্য ব্যাটাররা বেশিক্ষণ টিকতে না পারায় ১৯৮ রানেই থেমে যায় বসুন্ধরা স্ট্রাইকার্সের ইনিংস। এদিকে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে শুরু হয়েছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের সিজন থ্রি। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ পর্ব শেষে দুটি শিরোপার জন্য লড়বে দলগুলো। নকআউট পর্বে কাপ ও প্লেট নামে দুটি আলাদা শিরোপা নির্ধারণ করা হবে। অর্থাৎ গ্রুপ পর্বের ফল অনুযায়ী প্রতিটি দলের সামনে থাকছে দুটি ট্রফির একটির জন্য লড়াইয়ের সুযোগ। এবারের আসরে অংশ নেওয়া ১০ দল হলো জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা প্লেয়ার্স, উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি, এইচএসবিসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বসুন্ধরা স্ট্রাইকার্স, টিম আর্কিটেক্ট, বাংলাদেশ লইয়ার্স ক্রিকেট ক্লাব ও ঢাকা ক্রিকেটার্স।