আলমগীর কবীর হৃদয়

পাবনা পৌরসভার বিভিন্ন অব্যবস্থাপনা ও সড়কগুলোর বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে মন্দির সংযোগ সড়ক সংস্কার, সড়কবাতি সচল করা এবং চলমান সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পাবনা পৌরসভার প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এসব নির্দেশনা ও আহ্বান জানান।

চিঠিতে পাবনা-৫ আসনের সংসদ সদস্য উল্লেখ করেন, আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ সময়ে পাবনা পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ আরও বাড়তে পারে। বিশেষ করে আতাইকুলা রোডের চলমান কাজের অগ্রগতি অত্যন্ত ধীরগতির হওয়ায় স্থানীয়দের অভিযোগের কারণে তাকে বিব্রত হতে হচ্ছে।

এ পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পৌর এলাকার যেসব মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, সেসব মন্দিরের সঙ্গে সংযোগকারী সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে এসব সড়কের সড়কবাতি মেরামত করে সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আতাইকুলা সড়কের কাজের নির্ধারিত Work Schedule এবং বর্তমানে কাজের যে অগ্রগতি রয়েছে, তার মধ্যে পার্থক্যের কারণ জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময় অনুযায়ী কাজ না এগোনোর কারণে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কবে নাগাদ কাজটি সম্পন্ন করা সম্ভব হবে—তা বিস্তারিত প্রতিবেদন আকারে সংসদ সদস্যকে অবহিত করতে বলা হয়েছে।

এছাড়া যেসব উন্নয়নকাজের Work Order ইস্যু করা হয়েছে, সেসব কাজের সাইটে প্রয়োজনীয় পরিমাণ নির্মাণসামগ্রী পৌঁছানোর আগে উদ্বোধন না করার জন্যও নিরুৎসাহিত করা হয়েছে।

চিঠিতে সংসদ সদস্য বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে সংশ্লিষ্ট সড়কগুলো দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে।