আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করায় শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

এ সময় তিনি বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করবে, অন্যদিকে শিশির মনিরকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে—এটি স্পষ্ট দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা দেশের জনগণ ভালোভাবেই জানে। তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে সবাই রাজপথে নেমেছিল। শিবিরও কর্মসূচি পালন করেছে, এনসিপিও কর্মসূচি করেছে। কিন্তু প্রশ্ন হলো, ওই মামলায় আসামিদের আইনজীবী হয়েছিলেন শিশির মনির, যিনি জামায়াতের আইনজীবী এবং একই সঙ্গে দলটির এমপি প্রার্থী ছিলেন।

জামায়াতের আইনজীবী হয়ে তিনি কীভাবে আসামিদের পক্ষ নেন, আর শিবির কোন লজ্জায় রাজপথে কর্মসূচি করে—সেই প্রশ্ন রাখেন তিনি। জুলাই আন্দোলনের সময় শিশির মনিররা রাজপথে নামেননি বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। ওই সময়ের পক্ষে তার ফেসবুকে কোনো পোস্ট ছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, তার প্রোফাইল ছবি পর্যন্ত লাল করা হয়নি।