মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগে মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন ওই গ্রামের নিজাম মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত দুই-তিন দিন ধরে মামুন খান ০৭ নামের নিজের টিকটক আইডি থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি করে পোস্ট করেন তিনি। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এছাড়া মারামারির একটি ঘটনায় মামুনের বিরুদ্ধে সদর মডেল থানায় আগে থেকেই একটি লিখিত অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গিয়াসনগর ইউনিয়ন বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা হয়েছে। এর পেছনে বড় কোনো দুষ্কৃতকারী চক্র জড়িত থাকতে পারে, তাই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।