ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে এখন রুপালি পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। অভিনয়ে ব্যস্ততা কম থাকলেও নিজের ভালো-মন্দ, সুখ-দুঃখের নানা অনুভূতি সেখানে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি ফেসবুকে শেয়ার করা কয়েকটি ছবিতে ভিন্ন এক আবহে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোতে তার হাতে দেখা গেছে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’।

মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুকে ছবিগুলো শেয়ার করেন এই অভিনেত্রী। নীল রঙের শাড়ি, পরিপাটি খোঁপা আর মৃদু হাসিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পরীমনি। কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো পাতা উল্টে ধরা দেন তিনি। ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা তার রূপ ও সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন।

কাজের ব্যস্ততার ফাঁকে নীল শাড়িতে তার এই স্নিগ্ধ ও নান্দনিক উপস্থিতি নজর কেড়েছে সবার। ছবির ক্যাপশনে ছন্দ মিলিয়ে নিজের আক্ষেপের কথা জানিয়ে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’