ফেনী প্রতিনিধি
ছাগলনাইয়ায় স্ত্রীর সিজারের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে না পেরে আবদুল হালিম (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্ম/হ/ত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৮ নম্বর রাধানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হালিম ওই এলাকার আমির হোসেন ও দেলোয়ারা বেগমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল হালিমের স্ত্রী মর্জিনা আক্তার সিজারের জন্য ছাগলনাইয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ত্রীর চিকিৎসার খরচ নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। রোববার রাত ১২টার দিকে তিনি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন।
সোমবার সকাল ৭টার দিকে তাঁর বাবা আমির হোসেন জমিতে কাজ করতে যান। কাজ শেষে সকাল ৯টার দিকে বাড়িতে ফিরে ছেলেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁ/স দেওয়া অবস্থায় আবদুল হালিমকে দেখতে পান। পরে তাকে নামিয়ে আনা হয়।
এলাকাবাসী জানায়, আবদুল হালিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং ঋণগ্রস্তও ছিলেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
















