বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহদী হাসান জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে ফ্লাইট থাকলেও তাকে বিমানবন্দর থেকে বিদেশ যেতে দেওয়া হয়নি।

তার দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।

এদিকে মাহদী হাসানকে আটকে দেওয়ার বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন। ঠিক কী কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।