ঢাকা মেট্রোপলিটন পুলিশে একযোগে আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শকের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক তদন্ত মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের এসআরইউতে বদলি করা হয়েছে।
একইভাবে যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক তদন্ত এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি করা হয়েছে, আর রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এসআরইউতে পদায়ন করা হয়েছে। এছাড়া শাহ আলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক তদন্ত মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে বদলি করা হয়েছে। রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক তদন্ত বাহালুল খানকে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে।
পাশাপাশি ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক তদন্ত এবং যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপারেশন এ কে এম মঈন উদ্দীনকে একই থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
















