আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কড়া হুঁশিয়ারি প্রদান করেন।

রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের আমলে যদি রাষ্ট্র পুনর্গঠনের কাজ সফলভাবে সম্পন্ন না হয়, তবে ভবিষ্যতে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন করা সম্ভব হবে না। তবে তিনি দৃঢ়তার সাথে দাবি করেন, সরকার বর্তমানে রাষ্ট্র পুনর্গঠনের সঠিক পথেই অগ্রসর হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে একটি বিশেষ পক্ষ আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে সক্রিয় করার অপচেষ্টা চালাচ্ছে। তাঁর মতে, '৭১ সালের ঘাতক গোষ্ঠী এবং '২৪ সালের পরাজিত শক্তি' এখন একজোট হয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াত কোনোদিনই সংসদে একটি কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হয়নি। এবার তারা সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। একটি সুস্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছায়া মন্ত্রিসভার কাজ হওয়া উচিত সরকারের যৌক্তিক সমালোচনা করা এবং প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা। কিন্তু জামায়াতের নেতৃত্বে গঠিত এই ছায়া মন্ত্রিসভা কেবল সরকারের বিরোধিতা করার লক্ষ্যেই কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চের ডাক দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

রাশেদ খাঁন আরও দাবি করেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত সরাসরি ইন্ধন দিচ্ছে এবং তাদের প্ররোচনাতেই আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো রাজপথে নামার সাহস পাচ্ছে। তিনি মন্তব্য করেন, জামায়াতের আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার একটি গভীর যোগসূত্র রয়েছে। তিনি জামায়াত নেতাদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে তারা আবারও জামায়াত নেতাদের ফাঁসির মুখে ঠেলে দেবে। এই ভয়াবহ পরিণতির বিষয়ে জামায়াত নেতাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। তিনি উল্লেখ করেন, জামায়াতের আমিরের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়টিও রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করছে।

এর আগে সকালে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।