রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে আসেন। এরপর গত ৩০ জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শারীরিক অবস্থা দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শায়রুল কবির খান। শিমুল বিশ্বাস জানান, তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বর্তমানে রোগীর বিশ্রামের কথা বিবেচনা করে সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।





















