জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নতুন জালেম সরকার বা বিএনপি যদি তেল, গ্যাস, সিলিন্ডারের দাম বৃদ্ধি, সার সংকট, সিন্ডিকেট ও দলীয়করণের অপকর্ম অব্যাহত রাখে এবং এভাবে পাঁচ বছর দেশ শাসন করে, তাহলে দেশের মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। আমরা দুর্ভিক্ষে মরার জন্য আসিনি। শুক্রবার বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপা জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের একটি স্লোগান আমি ধারণ করি, ওরা যেমন বলে, ওদের সঙ্গে আমিও বলি। আমরা তো শহীদী তামান্না নিয়ে এসেছি।
আমাদের চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। বাংলার মাটি আর ভারতের অঙ্গরাজ্য হবে না। বাংলার মাটিতে আর কোনো নতুন স্বৈরতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না। রাশেদ প্রধান বলেন, আমার এই উত্তরবঙ্গ শুরু থেকেই অবহেলিত। রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের দিকে তাকালে রাজশাহী শহর ছাড়া আর কোথাও কোনো উন্নয়ন চোখে পড়ে না। পুরো রংপুর বিভাগেও উন্নয়নের ছিটেফোঁটা দেখতে পাই না। শুধু হাইওয়ের কিছু রাস্তা পাকা হলেই বলা যায় না যে ওই জেলা উন্নত হয়ে গেছে। এই উন্নতি আমাদেরই ঘটাতে হবে। আমরা এই অঞ্চলের মানুষ হিসেবে বলতে পারি, অতীতেও আমাদের বিবেক জাগ্রত হয়েছিল। এই উত্তরবঙ্গ থেকেই তো আবু সাঈদের উত্থান। আমরা যুগে যুগে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। জুলাইয়ের চেতনা রক্ষায় আবার নামতে হলে আমরা আবার নামব, শহীদী তামান্না নিয়ে আমরা তৈরি আছি। তিনি আরও বলেন, একটি বিষয় স্পষ্ট করতে চাই, এই যুদ্ধ ১১ দলকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধ জামায়াতকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধও নয়।
এই যুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্বের যুদ্ধ এবং এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আমার সামনে ক্ষমতা কোনো বিষয় নয়। ওপরে আল্লাহ আছেন, আল্লাহর কসম করে বলছি, মরার আগে শুধু দেখতে চাই দেশটা পরিপূর্ণ স্বাধীন ও সার্বভৌম হয়েছে। এই দেশে বিন্দুমাত্র ভারতীয় আধিপত্য থাকবে না, দেশবাসীর মধ্যে মানবিকতা ও ইনসাফ থাকবে। আমি সেটাই চাই, আমি ক্ষমতা চাই না। নব্য জালেমদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার বাসায় যখন হামলা হয়েছে, তখনও আমি ভয় পাইনি। আমাকে ভয় দেখানো এত সহজ নয়। যে সেকেন্ডে আমার মৃত্যু লেখা আছে, সেই সেকেন্ডেই আমার মৃত্যু হবে। কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আবার ওই সেকেন্ডের এক সেকেন্ড আগেও ভারতীয় চর কিংবা বিএনপি ও আওয়ামী লীগের কেউ আমাকে মারতে পারবে না, এটা আমি জানি। আর মরব তো একবারই। জাগপা নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিস নওগাঁর সভাপতি রেজাউর রহমান ও এবি পার্টি নওগাঁর আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।


















