কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এখন পর্যন্ত ৭ জনের নাম ও পরিচয় জানা গেছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। শনিবার ১৭ অক্টোবর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে একে একে ৪টি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন। হতাহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেলেও সর্বশেষ উদ্ধার হওয়া ৪ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন রাজধানী ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা ৩০ ও মিলিতা মেহেজাবিন আলভী ২৩, খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা ২৭ ও নাফিসতা মীম ২৭, চুয়াডাঙ্গার ফারিহা কবির ৩৩ ও ফায়িজান আহম্মেদ ৫ এবং ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতির স্ত্রী নাসরিন আক্তার মুক্তা।
আহত ছয়জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন ৩১, তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান ২৯, মান্নান ৩৪, মেহেরুন্নেসা ৩০, মাসুদ ৩০ ও সামিদা ৩২।
শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ওই রিসোর্টে আগুন লাগে। আগুনে পুরো রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিসোর্টটিতে মোট ৯টি রুম ছিল। গত শুক্রবার ১৬ অক্টোবর রাতে তিনটি রুমের পর্যটক চেকআউট করে চলে যান। বাকি ৬টি রুমে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে ৫ থেকে ৬ জন সকালে বাইরে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনার পর থেকে রিসোর্ট কর্তৃপক্ষের সবাই পালিয়ে গেছেন।
এদিকে ওই রিসোর্টের অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি জানান, চলতি বছরের জুন মাসে লাইসেন্স না থাকায় রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। রিসোর্টের নিচে রান্নাঘর ছিল, ওপরে ছিল আবাসিক ব্যবস্থা। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


















