চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া মনগাজী প্রধানীয়া বাড়িতে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মনির হোসেন ও প্রবাসী সায়েম হাসানের বসতঘরে রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, এই ন্যক্কারজনক ঘটনার পেছনে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের প্রত্যক্ষ হাত রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী সায়েম হাসান দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি এলাকায় মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তিনি সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান এবং মাদক কারবারিদের প্রতিরোধের আহ্বান জানিয়ে পোস্ট দেন। এর জের ধরেই কড়ইয়া এলাকার মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধমূলকভাবে শুক্রবার রাতের আঁধারে এই অগ্নিসংযোগ ঘটায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

আগুনে ঘরের বিপুল পরিমাণ আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় প্রবাসীর বাড়িতে এভাবে হামলা ও অগ্নিসংযোগ সমাজ ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর চরম আঘাত। আমরা অনতিবিলম্বে জড়িত সব আসামিকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, ঘটনার বিষয়ে আমাদের অবহিত করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।